ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এই নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি জানায়, সিদ্ধান্তটি আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ দশমিক ৭৭ টাকা, যা আগের দামের তুলনায় ৬১ দশমিক ৮৩ টাকা বেশি।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে নতুন মাসে আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।