দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ডিজিটাল ‘ফুয়েল পাস’ চালু করতে যাচ্ছে সরকার। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে কিউআর কোডভিত্তিক এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চলতি সপ্তাহেই চালু হতে পারে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে মোটরসাইকেলের জন্য এই ব্যবস্থা চালু করা হবে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে যানবাহনের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষে প্রতিটি যানবাহনের জন্য একটি ইউনিক কিউআর কোড তৈরি হবে, যা ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করা যাবে।
ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মীরা মোবাইল ডিভাইস দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করবেন। এতে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে সংরক্ষিত হবে এবং একই সঙ্গে একজন ব্যবহারকারী নির্দিষ্ট সীমার বাইরে জ্বালানি কিনতে পারবেন না।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, একযোগে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সম্ভব নয়। তাই প্রথমে সীমিত পরিসরে চালু করে ধীরে ধীরে বিস্তৃত করা হবে। এর মাধ্যমে জ্বালানি মজুতের প্রবণতা কমানো এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।