জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার সাতটি আসনের মধ্যে ছয়টিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এসব আসনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দলটির ১৪ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তারা বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ওই আসনে কেউ মনোনয়ন ফরমও নেননি।
শুক্রবার বিকেলে বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন ফরম উত্তোলনকারীদের তালিকা
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
গোলাম রাব্বি হাসান
রাকিবুল সানি
বগুড়া-২ (শিবগঞ্জ)
জাহাঙ্গীর আলম
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)
আল ওয়াসী জসীম
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)
ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন রনি
সৈকত আলী
বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
ডা. মেহেরুল আলম মিশু
ইয়াসিন আলী হিমেল
খোকন মাহমুদ
বগুড়া-৬ (সদর)
মোহাম্মদ এনামুল হক বাবু বিশ্বাস
আবদুল্লাহ আল সানী
অ্যাডভোকেট মেহেদুল হাসান স্বপন
মুফতি আনাস খান
এএমজেড শাহরিয়ার
জেলা এনসিপি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে। নতুন দল হওয়ায় পছন্দের প্রতীক ‘শাপলা’ না পেলেও এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করেছে।
সূত্র আরও জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় ৬ নভেম্বর থেকে, যা শেষ হয়েছে ১৩ নভেম্বর। মনোনয়নপ্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ নভেম্বর।
মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বগুড়া সদর আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ এনামুল হক বাবু বিশ্বাস বলেন, “আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে।”
অন্যদিকে বগুড়া-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী জাহাঙ্গীর আলম জানান, “আমি এনসিপির একক প্রার্থী হিসেবে ফরম নিয়েছি, মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছয় আসনে মোট ১৪ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তিনি আরও জানান, বগুড়া-৭ আসনে তার মনোনয়ন ফরম নেওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ফরম উত্তোলন করেননি।