বিএনপি জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে, না ভোটে যদি অনড় থাকে তাহলে দলটির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, কাবিননামায় সাইন করেছে বিএনপি; তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে, তাই তাদের ‘না’ বলার সুযোগ নেই
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে। আইন উপদেষ্টার ওপর তাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শহীদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সংস্কার কমিশনকে ব্যবহার করে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেয়েছিল। কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। এখন জাতীয় পার্টি বিএনপির ওপর ভর করেছে। আমরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ব্যাপারে কোনো ছাড় দেব না। কারণ তারা আমাদের পিঠের ছাল ছিঁড়ে দিয়েছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা একটি বড় দল, না ভোটের মাধ্যমে আপনাদের কবর রচনা করবেন না।
সরকারের উদ্দেশ্যে পাটওয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জন সম্মুখে দ্রুত এ আদেশ জারি করেন। দেশ অন্য দিকে যাচ্ছে। গৃহযুদ্ধের পরিস্থিতি হলে সে দায় আপনাদের উপর পড়বে।