বগুড়ার শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুভ ইমরানকে চারটি মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
জানা গেছে, গত ২ নভেম্বর ২০২৪ সালে শেরপুর থানায় দায়ের হওয়া অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা (মামলা নম্বর ২)-এর তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রবিবার (গতকাল) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, শুভ ইমরানের বিরুদ্ধে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি, ধুনট থানায় একটি এবং শেরপুর থানায় দুটি—এই মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুঈনদ্দিন বলেন, “শুভ ইমরান অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”