তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে দক্ষিণ রাজীব হাজী পাড়া এলাকায়।
নিহতরা হলেন- দক্ষিণ রাজীব হাজী পাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১২) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইম বাবু (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজনকে না জানিয়ে সকালে ক্যানেলে গোসল করতে যায় তারা। গোসল করার সময় দুজন ক্যানেলের পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখে তাৎক্ষণিক ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।